প্রবাস

ভিয়েতনামে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের নিজ উদ্যোগে দেশে ফেরার আহ্বান দূতাবাসের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম

ভিয়েতনামে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের নিজ উদ্যোগে দেশে ফেরার আহ্বান দূতাবাসের
ছবিঃ সংগৃহীত

ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে অবস্থানরত বাংলাদেশিদের নির্ধারিত সরকারি জরিমানা পরিশোধ করে নিজ উদ্যোগে দেশে ফেরার আহ্বান জানিয়েছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের সরাসরি নিকটস্থ পুলিশ স্টেশন বা ভিয়েতনাম ইমিগ্রেশন অফিসে রিপোর্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি পত্র প্রদান করবে। ওই পত্রে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দেওয়ার পর ইমিগ্রেশন থেকে এক্সিট পাস সংগ্রহ করে নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফেরা যাবে।

দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ বা অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি দূতাবাসের নাম ব্যবহার করে দেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারও পাসপোর্ট না থাকলে দূতাবাস কেবল প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে। এ ক্ষেত্রে সরকারি ফি সর্বোচ্চ ১০ মার্কিন ডলার, যা অনেক সময় আর্থিক অবস্থা বিবেচনায় মওকুফ করা হয়। জরিমানার অর্থ অবশ্যই ভিয়েতনাম সরকারের নির্ধারিত কোষাগারে সরাসরি জমা দিতে হবে।

এ ধরনের প্রতারণার শিকার হলে বা কোনো তথ্য জানা থাকলে উপযুক্ত প্রমাণসহ দূতাবাসের ই-মেইল mission.hanoi@mofa.gov.bd-এ জানাতে অনুরোধ করেছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস।