সারাদেশ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারেকে মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন কৃষি শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন মন্ত্রীর ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার।
এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নিহত ও আহতদের পরিবারকে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালবোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন।
নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন- সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের নিহতরা হলেন- আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।