সোশ্যাল মিডিয়া

তৌহিদ আফ্রিদির পুরনো ‘ক্ষমতার দাপট’ ফাঁস করলেন কনটেন্ট ক্রিয়েটর সায়েম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

তৌহিদ আফ্রিদির পুরনো ‘ক্ষমতার দাপট’ ফাঁস করলেন কনটেন্ট ক্রিয়েটর সায়েম
তৌহিদ আফ্রিদি এবং সায়েম। ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর সায়েম। আড়াই বছর আগের একটি ঘটনা তুলে ধরে সোমবার (২৫ আগস্ট) সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে মুখ খুলেছেন তিনি।

সায়েম তার ব্যক্তিগত ফেসবুক পেজে ১২ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন।

সেখানে তিনি দাবি করেন, “আজ থেকে আড়াই বছর আগে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আমি একটি ভিডিও করি, যেখানে কিছু সত্য তথ্য তুলে ধরি। কিন্তু বিষয়টি তৌহিদ ও তার টিম ভালোভাবে নেয়নি। তাদের পক্ষ থেকে আমাকে ফোন করে জানানো হয়—ভিডিও ডিলেট না করলে আমাকে ডিবি অফিসে গিয়ে মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে এমন ভিডিও আর করব না।”

সায়েম জানান, তিনি শুরুতে বিষয়টিকে তেমন গুরুতরভাবে নেননি। বরং যেহেতু ডিবি অফিসের কথা বলা হয়েছে, তিনি ধরে নিয়েছিলেন এটি একটি প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রক্রিয়া হবে। কিন্তু অফিসে যাওয়ার পরই ঘটে ভিন্ন চিত্র।

তার ভাষায়, “আমি অফিসে ঢুকতেই এক পুলিশ কর্মকর্তা আমার হাত পেছনে নিয়ে হেনকাফ পড়িয়ে দেন। এরপর জিজ্ঞাসাবাদের অজুহাতে শুরু হয় বেধড়ক মারধর। এক জায়গায় ১০–২০ বার লাঠি মারা হয়। এমনকি আমাকে গুম করার হুমকিও দেওয়া হয়েছিল।”

সায়েমের দাবি, “তৌহিদ আফ্রিদি নিজে চাচ্ছিলেন না আমাকে এভাবে মারা হোক। কিন্তু অফিসাররা চেয়েছিল। এমনকি তারা আমার কাছে ১০ থেকে ২০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা জানালে আমাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে গালি দিয়ে পিস্তল দিয়ে আঘাত করা হয়। সেই আঘাতের দাগ আজও শরীরে রয়ে গেছে, মাঝে মাঝে নাক দিয়ে রক্ত ঝরে।”

তবে ভিডিওর শেষাংশে সায়েম জানান, ওই ঘটনার পর আফ্রিদি আর তার কোনো ক্ষতি করেননি, বরং পরবর্তীতে সাহায্যও করেছেন। “তবুও আজ যখন দেখি, সে জেলে আছে, আমি চাই না তার ক্ষতি হোক,”—বলেন সায়েম।

তিনি আরও বলেন, “দেশে যেই দল ক্ষমতায় থাকুক, আমি বুঝে গেছি তৌহিদ আফ্রিদির ক্ষমতা কখনোই কমবে না। সে যেভাবে চলেছে, সামনে আরও শক্তিশালীভাবেই ফিরবে।”