সোশ্যাল মিডিয়া

ইংরেজিতে আজান নিয়ে বিতর্ক: পুরনো ভিডিওর জন্য ক্ষমা চাইলেন ‘ইংলিশ বয় মোস্তাফিজুর’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

ইংরেজিতে আজান নিয়ে বিতর্ক: পুরনো ভিডিওর জন্য ক্ষমা চাইলেন ‘ইংলিশ বয় মোস্তাফিজুর’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সামাজিক মাধ্যমে পরিচিত ‘ইংলিশ বয় মোস্তাফিজ’ নামে। ফেসবুকে ইংরেজিতে কথা বলার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করলেও অনেকেই তাকে বিদ্রূপ করতেন।

তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক ঘটনায়—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি নাকি নিজ গ্রামে মসজিদে ইংরেজিতে আজান দিয়েছেন এবং পরে গণপিটুনির শিকার হয়েছেন। এই গুঞ্জনকে ঘিরে গত দুদিন ধরে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

রবিবার সকালে একাধিক ভিডিও প্রকাশ করে মোস্তাফিজুর এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “মানুষ এতো নিষ্ঠুর হতে পারে, আমি জানতাম না। আমি নাকি মসজিদে গিয়ে ইংলিশে আজান দিতে গিয়ে গণপিটুনি খেয়েছি—এমন চরম মিথ্যা কথা সারাদেশে ছড়িয়ে দিয়েছে কিছু লোক। সাধারণ মানুষ যেন আমাকে ভুল বোঝে, এজন্য ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করবো, দয়া করে আমাকে ভুল বুঝবেন না।”

তারপরে পোস্ট করা আরেকটি ভিডিওতে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। এক গ্রামবাসী বলেন, “আমরা ছেলেটাকে পরহেজগার হিসেবে জানি। সে আমাদের মসজিদে ইংরেজিতে আজান দেয়নি।”

একইদিন সকালে প্রকাশিত আরও একটি ভিডিওতে মোস্তাফিজুর জানান, ২০২৪ সালে তিনি আজানের ইংরেজি অনুবাদ করেছিলেন এবং সুর দিয়ে তা বলেছিলেন। তিনি বলেন, “আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, ইংরেজিতে হয় আল্লাহ ইজ গ্রেট। এটা আমি সুর দিয়ে বলেছিলাম। পরে আমি দুঃখপ্রকাশও করেছিলাম যে এটি ঠিক হয়নি। কিন্তু ভিডিওটা কেউ ডাউনলোড করে রেখেছিল। এখন সেটি নতুন করে ছড়িয়ে দিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দেবেন।”