সোশ্যাল মিডিয়া

বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল
ছবিঃ সংগৃহীত

নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি বাসা ছাড়ার কথা জানান। আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি সপরিবারে এই বাসা থেকে চলে যাবেন বলে উল্লেখ করেন।

পোস্টে আসিফ নজরুল সরকারি এই বাসভবনের প্রতি তার তৈরি হওয়া মায়ার কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক। এসময় ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তার সন্তানদেরও মন খারাপ হয়েছিল।

বাসাটি ছেড়ে দেওয়ার মুহূর্তে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’ পোস্টের শেষে তিনি যোগ করেন, ‘বিদায় হেয়ার রোড’।

উল্লেখ্য, ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও সামলান।