খেলা
এমবাপ্পে-বেলিংহামের নৈপুণ্যে রিয়ালের বড় জয়
এমবাপে ও জুড বেলিংহ্যামের ঝলকে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ভালেন্সিয়াকে ৪–০ ব্যবধানে উড়িয়ে দেয় জাবি আলোনসোর দল।
রিয়ালের পক্ষে জোড়া গোল করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে, আর একটি করে গোল করেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম ও তরুণ লেফট–ব্যাক আলভারো কারেরাস।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল স্বাগতিকদের। বল দখলে রাখে প্রায় ৬৫ শতাংশ সময়, নেয় ২১টি শট এর মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভালেন্সিয়া নিতে পেরেছে মাত্র চার শট, যার একটিই ছিল টার্গেটে।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকেই দলকে এগিয়ে দেন এমবাপে- লা লিগায় এটি তার টানা অষ্টম ম্যাচে গোল। এরপর ৩১তম মিনিটে আর্দা গিলেরের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

৪২তম মিনিটে আবারও পেনাল্টি পেলেও ভিনিসিউস জুনিয়রের শট ঠেকিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক। তবে মিনিট দুয়েক পরই ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম অসাধারণ এক গোল করে ব্যবধান বাড়ান। ফেদেরিকো ভালভার্দের পাস ধরে ডি–বক্সের বাইরে থেকে জোরাল শটে বল পাঠান দূরের পোস্টে।
শেষ দিকে বদলি হিসেবে নামা কারেরাস যোগ করেন চতুর্থ গোলটি। রদ্রিগোর শট প্রতিহত হলে বল পেয়ে বাম দিক থেকে নিখুঁত শটে গোল করেন তিনি।
এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় নিয়ে ৩০ পয়েন্টে শীর্ষে অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ।