খেলা
ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোর মাঠে তপু বর্মণের জোড়া গোলে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। একইসঙ্গে জয় দিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করলেন টমাস ডুলি।
সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজান টমাস ডুলি। মাঝমাঠে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সোহেল রানা সিনিয়রের সমন্বয়ে শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম দিকে ফয়সাল আহমেদ ফাহিম ও সাদ উদ্দিনের আক্রমণে চাপে পড়ে স্বাগতিকরা।
এর ফল আসে ১৯ মিনিটে। শেখ মোরছালিনের দারুণ ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩১ মিনিটে ফিলিপ্পো বেরার্দির পাস থেকে বল পেয়ে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে সান মারিনোর হয়ে সমতা ফেরান নিকোলাস জাকোপেত্তি।
সমতায় ফেরার পর ম্যাচে বাড়ে প্রতিদ্বন্দ্বিতা। ৩৩ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন রফিকুল ইসলাম। প্রথমার্ধের শেষ দিকে গোলের আরও সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৭৬ মিনিটে সোহেল রানা সিনিয়রের জায়গায় মাঠে নামেন কাজেম শাহ কিরমানি।
শেষ পর্যন্ত ৮৬ মিনিটে আসে জয়সূচক গোল। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগে বিশ্বনাথ ঘোষের ভলিতে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তপু বর্মণ। গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন অভিজ্ঞ এই ডিফেন্ডার, আর গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকরাও উদযাপনে মেতে ওঠেন।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয় হিসেবে ফুটবল ইতিহাসে জায়গা করে নিল।