খেলা

তৃতীয় মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

তৃতীয় মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে
ছবি: সংগৃহীত

ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলে বিশ্বকাপে হ্যাটট্রিক করে গড়েছেন নতুন ইতিহাস। তুরস্কের বুরহান ও সুইজারল্যান্ডের শাকিরির পর তৃতীয় মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বকাপের আসরে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

শুক্রবার বস্টনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন দেম্বেলে। ম্যাচের প্রথম ৩২ মিনিটের মধ্যেই তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বিশ্বকাপের ইতিহাসে গত ৭২ বছরের মধ্যে ম্যাচের শুরু থেকে সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকের অন্যতম নজির গড়েন তিনি।

বিশ্বকাপের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড অবশ্য এখনও অস্ট্রিয়ার ইয়েরিখ প্রুবস্টের দখলে। তিনি ১৯৫৪ সালের আসরে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে প্রথম ২৪ মিনিটেই তিন গোল করেছিলেন। তবে সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দেম্বেলে।

ফ্রান্সের ফুটবল ইতিহাসেও এটি একটি বিশেষ অর্জন। দেশটির তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে। এর আগে ১৯৫৮ সালে জুস্ত ফঁতেন এবং ২০২২ সালের ফাইনালে কিলিয়ান এমবাপে এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং কাতারের বিপক্ষে কানাডার জোনাথন ডেভিড তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেছিলেন।

এ ছাড়া ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা মিলল।

বিশ্বকাপে প্রথম ১২ ম্যাচে গোলশূন্য থাকার পর আগের ম্যাচে ইরাকের বিপক্ষে গোল করে অপেক্ষার অবসান ঘটান দেম্বেলে। সেই ধারাবাহিকতা বজায় রেখে নরওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপের বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে জোরালো শটে প্রথম গোল করেন দেম্বেলে। এরপর ২০তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান তিনি। এক মিনিট পর নরওয়ে একটি গোল শোধ দিলেও ৩২তম মিনিটে আবারও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের তৃতীয় গোল করেন দেম্বেলে। এর মধ্য দিয়েই পূর্ণ করেন স্মরণীয় হ্যাটট্রিক।