খেলা

ট্রাম্পের এক ফোনেই বদলে গেল সিদ্ধান্ত! বেলজিয়ামের বিপক্ষে খেলবেন বালোগান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

ট্রাম্পের এক ফোনেই বদলে গেল সিদ্ধান্ত! বেলজিয়ামের বিপক্ষে খেলবেন বালোগান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা স্ট্রাইকার ফোলারিন বালোগানকে খেলার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বালোগানের লাল কার্ড ইস্যুতে ট্রাম্প সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেন এবং বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। এর কয়েকদিন পরই ফিফা জানায়, শৃঙ্খলাবিধির একটি বিশেষ ধারা প্রয়োগ করে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ফলে সোমবার (৬ জুলাই) বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে পারবেন এই ফরোয়ার্ড।

২৫ বছর বয়সী বালোগান বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন। প্রতিপক্ষ ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বিপজ্জনক ট্যাকলের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। নিয়ম অনুযায়ী, এর ফলে শেষ ষোলোর ম্যাচে তার খেলার সুযোগ ছিল না।

তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারা প্রয়োগ করে নিষেধাজ্ঞাটি এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ লাল কার্ড বহাল থাকলেও তাৎক্ষণিক শাস্তি কার্যকর হচ্ছে না। তবে আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা শাস্তি নতুন শাস্তির সঙ্গে যুক্ত হয়ে কার্যকর হবে।

ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং এখন দলের পুরো মনোযোগ বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে।

যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনোও এই সিদ্ধান্তকে ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন। তার মতে, বসনিয়ার বিপক্ষে বালোগানকে লাল কার্ড দেখানোই ছিল ভুল সিদ্ধান্ত। তবে তিনি স্পষ্ট করেছেন, শাস্তি স্থগিতের প্রক্রিয়ায় তার কোনো ব্যক্তিগত ভূমিকা নেই।

এদিকে সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং একটি বড় অন্যায় সংশোধনের জন্য ফিফাকে ধন্যবাদ। তার এই মন্তব্যের পরই আলোচনায় এসেছে সম্ভাব্য রাজনৈতিক প্রভাবের বিষয়টি।

ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আগে থেকেই আলোচনায় ছিল। ফলে এই সিদ্ধান্তে কোনো ধরনের প্রভাব খাটানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। তারা বলেছে, এই সিদ্ধান্ত প্রতিযোগিতার ন্যায্যতা ও নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এবং বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে।

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেন, ঘটনাটি দেখে মনে হচ্ছে যেন ‘এপ্রিল ফুল’ চলছে।

এর আগে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের নজির দেখা গিয়েছিল। সহিংস আচরণের দায়ে নিষেধাজ্ঞা পেলেও পরে তার শাস্তির একটি অংশ স্থগিত করা হয়। বালোগানের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগ করে দিল ফিফা।