খেলা

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝেও নিজের সাফল্যের একটি অংশ ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি উৎসর্গ করেছেন স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর তিনি জানান, শৈশব থেকেই নেইমার তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ফাইনালে ফেরান তোরেসের জয়সূচক গোলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে নিকো উইলিয়ামস বলেন, “আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার আদর্শ। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।”

ফাইনালজুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন নিকো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি বল জালে পাঠালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে সেই গোলটি বাতিল হয়। তবে কিছুক্ষণ পরই দারুণ এক হেডে ফেরান তোরেসের গোলের সুযোগ তৈরি করে স্পেনকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান নিকো। তার ভাষায়, “এতে কোনো সমস্যা নেই। আমরা তো শেষ পর্যন্ত জিতেছি।”

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। বলের দখল ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষের তুলনায় এগিয়ে ছিল দলটি। যদিও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে স্পেন।