খেলা

অনন্য মেসি! যার গোলসংখ্যা ছুঁতে পারেনি বিশ্বকাপের ৩০টি দেশ 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৮ পিএম

অনন্য মেসি! যার গোলসংখ্যা ছুঁতে পারেনি বিশ্বকাপের ৩০টি দেশ 
ছবিঃ সংগৃহীত

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে ইতিহাসের পর ইতিহাস গড়ে চলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। গ্রুপ পর্ব শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬। অবিশ্বাস্য হলেও সত্য, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ৩০টিই এখন পর্যন্ত মেসির সমান সংখ্যক গোলও করতে পারেনি।

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে এই কীর্তির যৌথ মালিক ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০)। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করেছেন।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচের পরিকল্পনায় তিনি ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। তার আগে জিওভান্নি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ একটি করে গোল করেন। পরে দারুণ এক ফ্রি-কিক থেকে নিজের ষষ্ঠ গোলটি করে স্কোরশিটে নাম লেখান মেসি।

পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনাকে বাদ দিলে এখন পর্যন্ত মাত্র ১৭টি দল মেসির চেয়ে বেশি গোল করতে পেরেছে। এমনকি শিরোপাপ্রত্যাশী স্পেন কিংবা পর্তুগালের গ্রুপসেরা কলম্বিয়াও মেসির গোলসংখ্যা ছুঁতে পারেনি। স্পেন, ক্রোয়েশিয়া, মিসর, আলজেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার প্রত্যেকের গোল ৫টি। চারটি দেশের গোল ৪, চারটি দলের ৩, ১২টি দেশের ২ এবং চারটি দেশের মাত্র ১টি করে গোল রয়েছে। একমাত্র পানামা এখনো কোনো গোলের দেখা পায়নি।

গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। কানাডার গোল ৯টি। আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, নরওয়ে ও সেনেগাল করেছে ৮টি করে গোল। ব্রাজিল, জাপান, সুইডেন ও সুইজারল্যান্ডের গোলসংখ্যা ৭। অন্যদিকে পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, মরক্কো, অস্ট্রিয়া ও বেলজিয়াম করেছে ৬টি করে গোল।

ব্যক্তিগত নৈপুণ্য, ধারাবাহিকতা ও গোল করার অসাধারণ ক্ষমতায় এবারের বিশ্বকাপেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন মেসি। আর তার গোলের সামনে পিছিয়ে পড়েছে বিশ্বের অর্ধেকেরও বেশি জাতীয় দল।