খেলা
ডাচদের টাইব্রেকারে হারিয়ে সিজদা দিয়ে জয় উদযাপন করল মরক্কো
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। তবে জয়ের পাশাপাশি ম্যাচজুড়ে তাদের দুটি আবেগঘন মুহূর্তও সবার নজর কাড়ে।
টাইব্রেকার শুরুর আগে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি খেলোয়াড়দের নিয়ে মোনাজাতে অংশ নেন। আর ইসমাইল সাইবারির জয়সূচক পেনাল্টির পর মাঠেই সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন মরক্কোর ফুটবলাররা।
ইতালীয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে এই আবেগঘন মুহূর্তটি তুলে ধরেছেন। সেখানে দেখা যায়, জয় উদযাপনের আগে কৃতজ্ঞতা প্রকাশকেই প্রাধান্য দিয়েছেন মরক্কোর খেলোয়াড়রা।
তবে এই উদযাপনের পেছনে ছিল দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প। ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ে ইসা দিয়োপের গোলে সমতায় ফেরে মরক্কো।
টাইব্রেকারে প্রথম শটে নেদারল্যান্ডসের টেউন কুপমেইনার্স গোল করলেও মরক্কোর নিল এল আয়নাউই গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয় শটে জাস্টিন ক্লুইভার্টের পেনাল্টি মিসে ম্যাচে ফিরে আসে মরক্কো। এরপর সুফিয়ান রাহিমি সফলভাবে গোল করেন।
তৃতীয় শটে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভাউট ভেগহোর্স্ট। জবাবে মরক্কোর শেমসদিন তালবিও লক্ষ্যভেদ করেন।
চতুর্থ শটে নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বারের শট পোস্টের বাইরে চলে যায়। তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও সুযোগ কাজে লাগাতে পারেননি। তার শট পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত পঞ্চম শটে নেদারল্যান্ডসের ক্রিসেনসিও সামারভিলের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপর ইসমাইল সাইবারি জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো।