খেলা

আবারও বলছি, এই দল কখনও আপনাদের হতাশ করবে না: সমর্থকদের বার্তা মেসির


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২১ এএম

আবারও বলছি, এই দল কখনও আপনাদের হতাশ করবে না: সমর্থকদের বার্তা মেসির
ছবিঃ সংগৃহীত

সাড়ে তিন বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে লিওনেল স্কালোনির দল।

ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেমিফাইনাল জয়ের পর সেটিই আবারও স্মরণ করিয়ে দিলেন তিনি।

মেসি বলেন, “সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এটা উপভোগ করুন। এই দল কখনও আপনাদের হতাশ করবে না।”

বিশ্বকাপের এবারের যাত্রা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “এই বিশ্বকাপটা একদম পাগলাটে গেছে। আরেকটা বিশ্বকাপ ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য একটা ব্যাপার।”

ইংল্যান্ডের বিপক্ষে জয়টি যে আর্জেন্টিনার জন্য ছিল বিশেষ আবেগের, সেটিও তুলে ধরেন মেসি।

তিনি বলেন, “এটা শুধু একটা ফুটবল ম্যাচ হলেও, জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা বিশেষ কিছু অনুভব করেছি। এটা শুধু আরেকটা জয় ছিল না। আর্জেন্টিনার মানুষ এই জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।”

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষদিকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলের উৎসই ছিল মেসির নিখুঁত অ্যাসিস্ট।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এখন তাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। রোববার স্পেনকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে মেসির আর্জেন্টিনা।