বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সাড়ে চার হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়ছে।

সোমবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মাইক্রোসফট বলছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় বড় অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম আরও দক্ষ করতে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। চলতি বছরে এ খাতে বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বড় বড় কোম্পানিগুলোর ওপর ব্যয় সামাল দেওয়া এবং মুনাফা ধরে রাখার চাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় অ্যামাজন ও মেটার মতো প্রতিষ্ঠানও চলতি বছরে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে।

দীর্ঘ সময়ের মন্দা পরিস্থিতির পর মাইক্রোসফট এই ছাঁটাইয়ের ঘোষণা দিল। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে, যা ২০২২ সালের পর বছরের প্রথমার্ধে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি। সাধারণত নতুন অর্থবছরের ব্যয় পরিকল্পনা নির্ধারণের সময় জুন মাসেই মাইক্রোসফট কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নিয়ে থাকে।

কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং ব্যবসায় প্রবৃদ্ধি দেখা গেলেও ডেটা সেন্টার নির্মাণে বিপুল ব্যয় করতে হচ্ছে। এতে নগদ প্রবাহের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় মেমরি চিপের দাম বেড়েছে, যার প্রভাব পড়ে এক্সবক্স কনসোলের দাম বৃদ্ধিতেও।

সূত্র: এনডিটিভি