বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম চালানো যাবে, ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনলো গ্রামীণফোন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:১১ এএম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম চালানো যাবে, ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনলো গ্রামীণফোন
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু করেছে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় আনা এই সুবিধার মাধ্যমে এশিয়ায় প্রথম দিকের অপারেটরগুলোর একটি হিসেবে নতুন সেবা চালু করলো প্রতিষ্ঠানটি।

এই ফিচারের ফলে গ্রাহকদের নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে। তারা নোটিফিকেশন দেখা, ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন, যা তাদের নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

গ্রাহকরা যখন ইনস্টাগ্রামের পূর্ণাঙ্গ অভিজ্ঞতায় ফিরতে চাইবেন, তখন অ্যাপ থেকেই সহজে একটি ডেটা প্যাক কিনতে পারবেন। নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে। তখন আগের মতো উচ্চ রেজোলিউশনের ছবি, ভিডিও এবং সব স্ট্যান্ডার্ড ফিচার ব্যবহার করা যাবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্ব দিন দিন বাড়ছে। ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য জানা এবং সবার সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করবে। এই উদ্যোগ গ্রাহক-কেন্দ্রিক ও নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতিরই প্রতিফলন।