বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী!
একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে এই বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে। আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক গণমাধ্যম স্পেস ডট কমের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান সূর্যগ্রহণগুলোর মধ্যে এটিই হবে সবচেয়ে দীর্ঘ।
সৌদি মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণ আড়াল হয়ে থাকবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। ফলে সূর্যের বহিরাবরণ বা ‘করোনা’ পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু এলাকায় এই সময়সীমা প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই বিরল ঘটনা সৌদি আরব-কে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থলে পরিণত করতে পারে। একই সময়ে প্রতিবেশী মিশর-এর কিছু এলাকায় গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে শুধু পূর্ণগ্রাস পথেই নয়, সৌদি আরব-এর অন্যান্য অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অঞ্চলভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। গ্রহণের সময় ও দৃশ্যমানতা স্থানভেদে ভিন্ন হবে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল অতিক্রম করে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বিভিন্ন শহর ও অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হবে।
এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে আগামী বছর সৌদি আরব-এ দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: গালফ নিউজ