রাজধানী

রাজধানীতে মুরগির খামারে ডাকাতির সময় শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

রাজধানীতে মুরগির খামারে ডাকাতির সময় শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাইচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে আদাবর থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিশোর গ্যাং ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে কুত্তা ফারুকও রয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, এ ধরনের অপরাধীরা গ্রেপ্তার হলেও কিছুদিন পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান জানান, অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তিনি আরও জানান, চক্রটি একটি মুরগির খামারে ডাকাতির পরিকল্পনা করেছিল। এছাড়া গত ৩ মে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং নেতা ভাইস্তা বিল্লাল ও মউরা সোহেলের পক্ষ নিয়ে প্রতিশোধ হিসেবে পুলিশের সোর্সের ওপর হামলারও পরিকল্পনা ছিল তাদের। এ জন্য স্থানীয় সহযোগীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল।