রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০০ গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০০ গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বরপ্লেট, এক হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর, আটটি মুঠোফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনি উদ্ধার করা হয়।

এ ছাড়া ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, সাত হাজার ২১২টি ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ বা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।