অর্থনীতি
মেঘনা ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগ দিলেন সৈয়দ মিজানুর রহমান
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এবি ব্যাংকের সাবেক এমডি সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে তার নতুন দায়িত্ব শুরু করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন মিজানুর রহমান ১৯৯৩ সালে নোভার্টিস-এ তার কর্মজীবন শুরু করেন, যা আগে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং খাতে যোগদানের আগে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তারপর মিজানুর রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই পথচলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।
মিজানুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং ভারতসহ বিভিন্ন দেশে অসংখ্য পেশাদার ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন।