অর্থনীতি

অর্থনীতিতে নতুন ধাক্কা, নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

অর্থনীতিতে নতুন ধাক্কা, নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ
ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

২০২৪ সালের বছরের নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

নভেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস। যদিও সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা দেখছিলেন অনেকে।

বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। চলতি বছরের নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে। গত বছর নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

MULLOSFITI.jpg
মূল্যস্ফীতি

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে। নভেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ০৮ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে। তবে কয়েকটি খাদ্যপণ্যের দাম বাড়ায় প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান আবার বেড়ে গেল।