অর্থনীতি

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর
ছবি: সংগৃহীত

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার জারি করা এক আদেশে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, চলতি কর বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক- এই শ্রেণিগুলো ছাড়া অন্যান্য সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৫–২৬ কর বছরে কয়েকটি শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও, তারা চাইলে স্বেচ্ছায় ই-রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআরের মতে, এতে করদাতাদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

চলতি বছর করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও অনলাইনে ই-রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, তারা চাইলে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন দাখিল করতে পারবেন।

এক্ষেত্রে সংশ্লিষ্ট করদাতাকে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হবে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর আশা করছে, সময়সীমা বাড়ানোয় করদাতারা স্বাচ্ছন্দ্যে ও নিয়ম মেনে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন এবং কর আদায়ের কার্যক্রম আরও গতিশীল হবে।