শিক্ষা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৪ এএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশের সব কলেজ ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে থাকা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আপাতত কোনও টেস্ট বা নির্বাচনী পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।

রোববার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, “২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনও টেস্ট বা নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা যাবে না।”

এছাড়া নির্দেশনায় আরও জানানো হয়েছে, নির্বাচনী পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বোর্ড এই নির্দেশনাকে “অতীব জরুরি” হিসেবে চিহ্নিত করেছে এবং সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে তা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পরীক্ষাকাঠামো ও সময়সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষার অনুমতি দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের পাঠ্যক্রম সম্পূর্ণরূপে শেষ করে বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে বলা হয়েছে।