বিনোদন
বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার মামলা
ছবিঃ সংগৃহীত
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে একটি হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেছেন।
গতকাল রবিবার (২৬ জুলাই) রাতে দায়ের করা মামলায় স্নিগ্ধা অভিযোগ করেন, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তিনি প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্নিগ্ধার দাবি, জেবা তাকিয়া ওই চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। অভিযুক্তরা তাকে সেই নারী মনে করে নির্যাতন করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত ইমন নামে এক ব্যক্তি পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই পরিচয় মেনে নিতে ইঙ্গিত দেন।
স্নিগ্ধা অভিযোগ করেন, তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে ভয়ভীতি দেখানো হয় এবং গলা চেপে ধরা হয়। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার ভাষ্য অনুযায়ী, চুল টেনে ধরা, লাথি মারা এবং মারধরের কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
অভিনেত্রী জানান, অভিযুক্তকে তিনি তার নিজের সন্তানের কথা স্মরণ করিয়ে দিয়ে নির্যাতন বন্ধ করার অনুরোধ করেছিলেন। কিন্তু এরপরও তার ওপর হামলা অব্যাহত থাকে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় খিলক্ষেত থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
বিনোদন নিয়ে আরও পড়ুন