বিনোদন

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন জানিয়েছেন, শৈশবে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর প্রতি তার গভীর অনুরাগ ছিল। ১৯৯৬ সালে শ্রীদেবীর বিয়ের খবর শুনে তিনি সারাদিন কেঁদেছিলেন বলেও স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা।

তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন এক পুরোনো সাক্ষাৎকারে শ্রীদেবীর প্রতি নিজের শৈশবের ভালো লাগার কথা তুলে ধরেন। তিনি বলেন, শ্রীদেবীর প্রতি তার প্রবল আকর্ষণ ছিল এবং তাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারতেন না।

আল্লু অর্জুন বলেন, “শ্রীদেবীর প্রতি আমার প্রচণ্ড ক্রাশ ছিল। যখন জানতে পারলাম তিনি বনি কাপুরকে বিয়ে করেছেন, সেদিন সারাদিন কেঁদেছিলাম। খবরটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না।”

ইতিহাস অনুযায়ী, ১৯৯৬ সালের ২ জুন মহারাষ্ট্রের শিরডিতে গোপনে বিয়ে করেন প্রযোজক বনি কাপুর ও শ্রীদেবী। পরে ১৯৯৭ সালে তাদের প্রথম সন্তান জাহ্নবী কাপুরের আগমনের খবর প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি সামনে আসে।

বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালেই শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছিল। সে সময় বিষয়টি বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ১৯৬৭ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন। তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষার ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবস্থান তৈরি করেন।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে দুর্ঘটনাবশত পানিতে ডুবে ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। মৃত্যুকালে তিনি স্বামী বনি কাপুর এবং দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুরকে রেখে যান।

অন্যদিকে, আল্লু অর্জুন বর্তমানে স্ত্রী স্নেহা রেড্ডি ও দুই সন্তান—আয়ান ও আরহাকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন। ‘পুষ্পা ২: দ্য রুল’-এর সাফল্যের পর পরিচালক অ্যাটলি কুমারের বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক নতুন সিনেমা ‘রাকা’-তে অভিনয় করছেন তিনি। এছাড়া পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গেও তার নতুন একটি বড় বাজেটের প্রকল্পের কাজ চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস