আইন আদালত

দুর্নীতির মামলায় জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

দুর্নীতির মামলায় জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক কাজী আনিস। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক কাজী আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন আদালতে আবেদন করেন—সুষ্ঠু তদন্তের স্বার্থে কাজী আনিসের বিদেশ গমন রোধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ তার জ্ঞাত আয়ের বাইরে ৮০ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে খোলা ২০টি ব্যাংক হিসাবে ৭৯ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

এই প্রাথমিক তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর কাজী আনিস আহমেদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। দুদকের মতে, মামলাটির তদন্তের সময় আসামির বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আদালতের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, সেই সময়কার প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিক ও শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।

দুদকের সূত্র জানিয়েছে, বর্তমানে শেখ হাসিনার পরিবারের সদস্যসহ অন্তত ১০টি বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অর্থপাচার, জালিয়াতি, কর ও শুল্ক ফাঁকির অভিযোগে অনুসন্ধান চলছে। জেমকন গ্রুপের আর্থিক অনিয়মের বিষয়টি সেই ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে নতুন কোনো প্রমাণ বা সম্পদের খোঁজ মিললে কাজী আনিস আহমেদের বিরুদ্ধে আরও অভিযোগ যোগ হতে পারে।