জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি না করে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধন্যবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘ঘনবসতিপূর্ণ শহরে সড়ক অবরোধ করে যেকোনও কর্মসূচি পালন করলে পুরো শহরের চলাচল ব্যাহত হয় এবং তাতে সৃষ্টি হয় তীব্র জনদুর্ভোগ। বিএনপি যে বিকল্প ও জনবান্ধব কর্মসূচি নিয়েছে, তা নিঃসন্দেহে রাজনৈতিক কর্মসূচি পালনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

গত ২৩ আগস্ট রাজধানীতে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ডিএমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, যেন তারা জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে কর্মসূচি পালন করে। বিএনপির এই উদ্যোগ সেই আহ্বানেরই প্রতিফলন বলে মনে করছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।