জাতীয়
এনআইডি নিবন্ধন ফরমে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ‘ডাক নাম’ ও সুপারিশের ঘর
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও সহজ করতে নিবন্ধন ফরমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে নিবন্ধন ফরমে ‘ডাক নাম’ যুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য আলাদা একটি ঘর সংযোজন করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের আগেই এনআইডি নিবন্ধন ফরমে ডাক নাম যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তখন এ উদ্যোগটি স্থগিত রাখা হয়। বর্তমানে আবারও সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং শিগগিরই সংশোধিত ফরম চালু করা হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এতে নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং নাম সংশোধন সংক্রান্ত জটিলতাও অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, অনেক সময় নাগরিকরা দাবি করেন যে তারা ডাক নামে ভোটার হয়েছেন, ফলে নাম সংশোধনের আবেদন বেড়ে যায়। নতুন ফরমে ডাক নাম যুক্ত থাকলে এই ধরনের জটিলতা কমে আসবে এবং প্রকৃত নাম যাচাই করাও সহজ হবে।
তিনি আরও জানান, এনআইডি নিবন্ধনের ফরম-২-এ একটি নতুন ঘর যুক্ত করা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তি সুপারিশ করবেন যে তিনি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। এর মাধ্যমে আবেদনকারীর পরিচয় যাচাই আরও শক্তিশালী হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, নতুন এই ব্যবস্থা চালু হলে ভুয়া তথ্য দিয়ে ভোটার হওয়ার প্রবণতা কমবে। বিশেষ করে রোহিঙ্গা বা বিদেশি নাগরিকদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।