রাজনীতি
হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী
হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ–বটিয়াঘাটা) জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি স্বয়ং কৃষ্ণ নন্দী ও খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন। গত সপ্তাহ থেকেই তাকে এই আসনে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছিল। কৃষ্ণ নন্দী বর্তমানে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী পেশায় একজন সফল ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একসময় তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক মেরুকরণের মধ্যে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। এরপর থেকেই জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য রাখা এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাতে দেখা যায় তাকে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কৃষ্ণ নন্দী বলেন, “অবশেষে জামায়াত থেকে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমার নাম ঘোষণা করা হয়েছে।”
তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জানান, আগামীকাল থেকেই তিনি মাঠে নেমে প্রচারণা শুরু করবেন।