রাজনীতি
বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি মির্জা ফখরুলের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে এফ-৭ বিজিআই মডেলের বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২১ জুলাই) এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এ দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদের এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।’
বিবৃতি তিনি আরও বলেন, ‘আমি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যে সমস্ত শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই তা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে শিক্ষার্থীদের ক্লাস চলাকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আহত হয়েছেন অন্তত ২০০ জন, যাদের অনেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।