রাজনীতি
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছু সময় পরেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে তখন ক্লাস চলছিল। দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২০ জন এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। বহু শিক্ষার্থী ও শিক্ষক বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। এই ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দূর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামীন যেন সেইসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
তিনি আরও বলেন, আজকের বিমান দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক-আমি এই দাবি করছি। আমি বিমান দূর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর হয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করছি।”
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই তা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে শিক্ষার্থীদের ক্লাস চলাকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন অন্তত ২০০ জন, যাদের অনেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।