রাজনীতি

নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান
পরিবারসহ তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে আগামী নভেম্বরে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন। রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দলের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

তিনি জানান, ওমরাহ সম্পন্ন করার পর তারেক রহমান লন্ডনে ফিরে যাবেন। এরপর নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুর দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ফজলে এলাহী আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তার আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে সাজাবে এবং সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, দেশে ফিরে তারেক রহমান গুলশান-২ এর অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। এই বাড়িটিই একসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িটি দেয়।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডনেই অবস্থান করছেন।