রাজনীতি

গণভোট কখনো জাতীয় সংসদকে প্রতিস্থাপন করতে পারে না: সালাউদ্দিন আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

গণভোট কখনো জাতীয় সংসদকে প্রতিস্থাপন করতে পারে না: সালাউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

গণভোট গণতান্ত্রিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলেও এটি কখনোই জাতীয় সংসদের সার্বভৌম কর্তৃত্বকে প্রতিস্থাপন করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জনগণের মতামত জানার ক্ষেত্রে গণভোট জরুরি হলেও আইন প্রণয়ন ও সাংবিধানিক সংশোধনের একমাত্র ক্ষমতা অবশ্যই সংসদের হাতেই থাকা উচিত।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, দেশের রাজনীতিতে কিছু মহল সংসদের ক্ষমতা খর্ব করার জন্য যেসব প্রস্তাব দিচ্ছে, তা গণতন্ত্রের পরিপন্থী।

তিনি উল্লেখ করেন, “জাতীয় সংসদই জনগণের একমাত্র সার্বভৌম প্রতিনিধি প্রতিষ্ঠান। সংসদের সিদ্ধান্ত আদালতসহ অন্য কোনো প্রতিষ্ঠানে চ্যালেঞ্জ করার সুযোগ নেই।”

সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের অনুমোদন যাচাই করতে চাইলে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা যেতে পারে- যা ব্যয়-সাশ্রয়ী এবং জনমত জানানোর কার্যকর পদ্ধতি হতে পারে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, গণভোট কখনোই সংসদের সাংবিধানিক ক্ষমতা বা কর্তৃত্ব অতিক্রম করতে পারে না।

সমাবেশে তিনি দেশের নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার বিভিন্ন পদক্ষেপ, নারীর কর্মঘণ্টা কমানোর উদ্যোগ এবং ধর্ম–রাজনীতির অপব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেন। তার মতে, জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও আবাসন অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, “বৈষম্যহীন, সাম্প্রদায়িকতামুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রামই জাতির মূল চেতনা। বিএনপি জুলাই সনদের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

শেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানান আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান ও জাতীয় সংসদের মর্যাদা এবং ক্ষমতা রক্ষায় সচেতন থাকার জন্য।