রাজনীতি
ডাকসু ভিপি থেকে পাঁচবারের এমপি: নির্বাচনে অপরাজিত আমান উল্লাহ আমান
বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিক নির্বাচনি সাফল্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমান উল্লাহ আমান। বিএনপির এই প্রবীণ নেতা ও সাবেক ডাকসু ভিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- তিনি জীবনে যতবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই জয়ী হয়েছেন। অর্থাৎ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের হিসাবে তিনি এখনো অপরাজিত। রাজনৈতিক অঙ্গনে এমন ধারাবাহিক সাফল্য খুব কম নেতার ক্ষেত্রেই দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমান উল্লাহ আমান ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ছাত্রনেতা হিসেবে তার উত্থান ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হওয়ার মাধ্যমে। সেখান থেকেই ধাপে ধাপে তিনি জাতীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেন।
আমান উল্লাহ আমান ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং সদ্যসমাপ্ত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এই পাঁচটি নির্বাচনেই তিনি বিজয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে তিনি পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৭০৮ ভোট।
নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আইনি জটিলতা ও একাধিক মামলার কারণে অংশ নিতে পারেননি। তবে যেসব নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিটিতেই বিজয়ী হয়ে নিজের জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার প্রমাণ রেখেছেন।
১৯৯১ সালের নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে আমান উল্লাহ আমান প্রথমবারের মতো রাষ্ট্রীয় দায়িত্ব পান। সে সময় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি পুনরায় সরকার গঠন করলে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তিনি ২৮ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতি থেকে জাতীয় সংসদ, ধারাবাহিক নির্বাচনি জয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা-সব মিলিয়ে আমান উল্লাহ আমান বাংলাদেশের রাজনীতিতে একটি স্থিতিশীল, অভিজ্ঞ ও প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন।
ডাকসু ভিপি থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য- এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে সমর্থকদের কাছে ‘৫–এ ৫ জয়ী’ নেতা হিসেবেই পরিচিত করে তুলেছে।