রাজনীতি
ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ, নাহিদের রিট দায়ের
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, অভিযোগগুলোর যথাযথ আইনগত ভিত্তি রয়েছে এবং আদালতে তা উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, এর আগে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এই রিটের ফলে ঢাকা-১১ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। এখন হাইকোর্টের শুনানি ও আদেশের দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।