রাজনীতি
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন পাটওয়ারী, ফেসবুক পোস্টে তোলপাড়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্ব পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের বদলের আহ্বান জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট চার মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীদের পরিবর্তন প্রয়োজন।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিকেল পর্যন্ত পোস্টটিতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া এবং আড়াই হাজারের মতো মন্তব্য জমা পড়ে।
এর আগে সোমবার (১৩ জুলাই) দেওয়া আরেকটি পোস্টে সংবিধান সংশোধনী কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া পৃথক এক পোস্টে বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সমালোচনাও করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় ইস্যুতে মতামত প্রকাশ করে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যা রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।