রাজনীতি

আইসিসিকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত রিভিউর অনুরোধ জামায়াত আমিরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

আইসিসিকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত রিভিউর অনুরোধ জামায়াত আমিরের
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এ অনুরোধ জানান।

জামায়াত আমির বলেন, “একজন সন্তানের কারণে আজ সাতক্ষীরাবাসী গর্বিত। ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজুর রহমান। অথচ এই খেলোয়াড়কে পার্শ্ববর্তী দেশের প্রিমিয়ার লিগে খেলতে যেতে দেওয়া হয়নি। এটা শুধু একজন খেলোয়াড় নয়, দেশ ও ক্রিকেটের প্রতিও চরম অপমান।”

তিনি আরও বলেন, “বিসিবি ভারতের কাছে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন প্রত্যাহার করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসি শেষ পর্যন্ত পুরো দলকেই বাদ দিয়ে দিয়েছে। এখনো সময় আছে—আইসিসির উচিত তাদের সিদ্ধান্ত রিভিউ করা। এর আগেও অনেক দল এ ধরনের আবেদন করেছিল এবং তা মেনে নেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন তা করা হবে না?”

বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আমাদের প্রতিবেশীদের বন্ধু হিসেবে রাখতে চাই এবং তাদের সঙ্গে ভালো আচরণ করতে চাই। তবে আমরা তাদের কাছ থেকেও একই রকম সম্মানজনক আচরণ প্রত্যাশা করি। আমরা বন্ধু হতে চাই, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসেবে মেনে নেব না।”

নারীর মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেক নারীই সম্মানের দাবিদার। যে শিশুটির বয়স মাত্র এক বছর, সেও আমার মা-কারণ সে বড় হয়ে কোনো সন্তানের মা হবে।”

যুবকদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, “আমরা যুবকদের হাতে বেকারত্বের তকমা তুলে দিতে চাই না। যুবকরা সম্মানের সঙ্গে সংগ্রাম করে নিজের পথ তৈরি করতে চায়। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যখন তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, তখনই তারা মর্যাদাপূর্ণ কাজের সুযোগ পাবে।”

সমাবেশে তিনি আরও বলেন, “এই দেশ কীভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে নিজের স্থান করে নেবে-আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ইনসাফের ভিত্তিতে এবং দ্বীনের নির্দেশনার আলোকে বাংলাদেশ গড়ে তোলাই আমাদের পবিত্র দায়িত্ব।”