রাজনীতি

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
ছবিঃ সংগৃহিত

সরকারের নীতিমালা অনুযায়ী, ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ধোলাইখাল সড়কের বিভিন্ন ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (০৪ মার্চ) ধোলাইখাল রোডের লক্ষ্মীবাজার এলাকা ও সুভাষ বোস অ্যাভিনিউয়ের উন্নয়ন-নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, ধোলাইখাল রোডের দৈর্ঘ্য প্রায় ০.৭৮ কিলোমিটার (৭৮০ মিটার)। এই সড়কের দুই পাশে প্রায় ১.৫৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে, সুভাষ বোস অ্যাভিনিউয়ের দৈর্ঘ্য ০.৫৮ কিলোমিটার এবং এর দুই পাশে ১.১৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। উন্নয়নকাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করা যায়।

ইশরাক হোসেন বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিসি ট্রাফিক, সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। ধোলাইখালের দুই পাশের মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলা হবে।

ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া নির্ধারিত সীমানার বাইরে রাতের বেলায় ট্রাক দাঁড়িয়ে পুরো সড়ক দখল করে ফেলে। আগে সেই জায়গা উন্মুক্ত করা হবে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে।