রাজনীতি

আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৪৬ এএম

আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার 
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদানে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

গতকাল সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন। অর্থ বিলের ওপর সংশোধনী প্রস্তাব ভোটে অংশগ্রহণের বিষয়টি নজরে এলে স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করেন। 

এ সময় আমিনুলের উদ্দেশে স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়। 

উল্লেখ্য, আমিনুল হক টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী, তিনি সংসদ সদস্য নন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারলেও ভোট দিতে পারেন না।