রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন চার সদস্য হলেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
রুহুল কবির রিজভী এতদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেন। সাবেক রাকসু ভিপি রিজভী ছাত্রজীবন শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
মো. আমানউল্লাহ আমান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তার রাজনৈতিক উত্থান ঘটে। তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
ডা. ফরহাদ হালিম ডোনারও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কও।
অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বিএনপি আশা প্রকাশ করেছে, নতুন সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং দল ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। এর পর তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এ ছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় স্থায়ী কমিটিতে আরেকটি পদ শূন্য হয়। অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিয়মিত বৈঠকে অংশ নিতে পারছেন না এবং মাহবুবুর রহমানও বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয়। এ পরিস্থিতিতে স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করল বিএনপি।