প্রবাস
প্রবাসীদের অনলাইন রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর
প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এখন আরও সহজ ও সুবিধাজনক হলো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করে এমন একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে প্রবাসীরা সরাসরি নিজেদের ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
সংস্থাটি জানায়, প্রবাসীদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে অনেক প্রবাসী করদাতা এর সুবিধা ও কার্যকারিতা দেখে স্বেচ্ছায় ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হচ্ছেন।
আগে প্রবাসীরা নিবন্ধনের সময় সমস্যায় পড়তেন, কারণ ওটিপি পাঠানো হতো কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যসমৃদ্ধ মোবাইল নম্বরে। এবার সেই জটিলতা দূর করতে এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।
এখন থেকে প্রবাসী করদাতারা তাঁদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভিসার কপি, ই-মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে ই-মেইল পাঠাতে পারবেন ereturn@etaxnbr.gov.bd ঠিকানায়। যাচাই-বাছাই শেষে এনবিআর তাঁদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর সহজেই অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
এনবিআর জানিয়েছে, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সম্পূর্ণ কাগজবিহীন, দ্রুত ও স্বয়ংক্রিয়। এই পদ্ধতিতে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র (Acknowledgement Receipt) তৈরি করতে পারবেন এবং আয়কর সনদ নিজেই প্রিন্ট করতে পারবেন।
২০২৫–২৬ করবর্ষে ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন, যা করদাতাদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেছে এনবিআর।
সংস্থাটি দেশি ও প্রবাসী সব করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে, বিশেষ করে ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে সময়মতো রিটার্ন দাখিল করতে উৎসাহিত করেছে।