প্রবাস

প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৬৪৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৩৭২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ২৬৯ জন।

নিবন্ধিতদের মধ্যে ৬ হাজার ৭২৭ জনের নিবন্ধন এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে ৪ লাখ ৪৯ হাজার ৯১৬ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে।

নিবন্ধন চলছে এমন দেশগুলো হলো—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

ইসি কর্মকর্তারা আরও জানান, বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। তাই এবার আইটি-সাপোর্টেড পোস্টাল ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাস থেকে ইতিমধ্যেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিবন্ধনের আগ্রহ সময়ের সঙ্গে বোঝা যাবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য রয়েছে।