খেলা

ফাইনাল ম‍্যাচ হেরে কান্নায় ভেঙ্গে পড়লেন স্কালোনি, দিলেন দায়িত্ব ছাড়ার ইঙ্গিত


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

ফাইনাল ম‍্যাচ হেরে কান্নায় ভেঙ্গে পড়লেন স্কালোনি, দিলেন দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টানা দ্বিতীয়বার শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে স্কালোনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। আমাদের দারুণ একটি দল ছিল। সবার মধ্যে বোঝাপড়াও ছিল অসাধারণ। এমন একটি দল হয়তো আর কখনও পাব না।’

টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার দায়িত্ব পালন করেছেন স্কালোনি। তবে আগামী বিশ্বকাপে তিনি দলের দায়িত্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একই সঙ্গে পরবর্তী আসরে লিওনেল মেসিসহ বর্তমান দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে না পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব বিষয়ই তাকে আবেগাপ্লুত করে তোলে।

ফাইনালে পরাজয়ের হতাশা থাকলেও নিজের দলের ফুটবলারদের প্রশংসা করতে ভোলেননি স্কালোনি। তিনি বলেন, ‘হারটা অবশ্যই কষ্টের। কিন্তু আমরা জানি, নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। অনেক কিছু বলার আছে, তবে এখন সেগুলো বলে কোনো লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।’