খেলা
নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিক ফেস্টে’ মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে জমে উঠেছে ফুটবল উন্মাদনা। সেই আবহ আরও রঙিন করতে ফিফা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ফ্যানাটিক ফেস্ট’। সেখানে স্পেন ও আর্জেন্টিনার নির্দিষ্টসংখ্যক সমর্থক তাদের প্রিয় কোচ ও অধিনায়কদের কাছ থেকে দেখার সুযোগ পান। এ সুযোগের জন্য অনেকে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্দিনান্দ। তার মঞ্চে ওঠার কিছুক্ষণ পর উপস্থিত হন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রি। মঞ্চের মাঝখানে রাখা ছিল বিশ্বকাপ ট্রফি। অন্য পাশে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।
পরিচয়পর্বের পর অনুষ্ঠানে যোগ দেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। তিনি ইংরেজি ও স্প্যানিশ—দুই ভাষাতেই দুই দলের অধিনায়কদের প্রশ্ন করেন।
এরপর একে একে মঞ্চে আসেন ক্রীড়া ও বিনোদন জগতের আরও কয়েকজন তারকা। উপস্থিত ছিলেন এনবিএ তারকা কেভিন ডুরান্ট, এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি এবং হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী কেভিন হার্ট। তাদের উপস্থিতি ও রসিকতায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
ফাইনালের আগে দুই দলের কোচ ও অধিনায়ক নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরলেও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সম্প্রীতি ও ক্রীড়াসুলভ সৌহার্দ্যের বার্তা। গুরু-শিষ্য সম্পর্কের দুই কোচ স্কালোনি ও দে লা ফুয়েন্তে মঞ্চে করমর্দন করেন। একইভাবে মেসি ও রদ্রিও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শেষদিকে রিও ফার্দিনান্দ সবাইকে এক ফ্রেমে সেলফি তোলার আহ্বান জানান। বিশ্বকাপ ট্রফিকে সামনে রেখে দুই দলের খেলোয়াড়, কোচ ও অতিথি তারকারা সমর্থকদের পটভূমিতে স্মরণীয় একটি ছবি তোলেন।
অনুষ্ঠানজুড়ে স্পেন ও আর্জেন্টিনার সমর্থকদের করতালিতে মুখর ছিল পরিবেশ। দুই দেশের সমর্থকদের জন্য সমানসংখ্যক আসনের ব্যবস্থা ছিল, আর মাঝখানে অবস্থান নিয়েছিল গণমাধ্যম। তবে এ আয়োজনে সাংবাদিকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ রাখা হয়নি; সঞ্চালকের মাধ্যমেই কথোপকথন পরিচালিত হয়।
ফিফার এমন সমর্থক-কেন্দ্রিক আয়োজন বিশ্বকাপ ফাইনালের আগে খুব একটা দেখা যায় না। তাই ‘ফ্যানাটিক ফেস্ট’ এবারের বিশ্বকাপের অন্যতম ব্যতিক্রমী ও আকর্ষণীয় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।