রাজধানী

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নোয়াখালীর প্রিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নোয়াখালীর প্রিয়া
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর প্রিয়া নামে এক নারী। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় তিন ছেলে ও তিন মেয়ে নবজাতক।

নবজাতকদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত হওয়ায় তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ। এর মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এবং সিট সংকটের কারণে বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী হানিফ কাতার প্রবাসী। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল তার। এলাকাতেই আল্ট্রাসনোগ্রাফিতে জানা যায়, তার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। তবে চিকিৎসকেরা শেষ পর্যন্ত ছয় সন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। পরে প্রসব ব্যথা শুরু হলে শনিবার রাতে ঢামেকে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, “আজ সকালে প্রিয়া নামের এক মা স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। তারা অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে, ওজন খুবই কম। এর মধ্যে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।”