অর্থনীতি

পাঁচ ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক, চাকরি হারাবে না কেউ: গভর্নর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:০৭ পিএম

পাঁচ ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক, চাকরি হারাবে না কেউ: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এই মার্জারের ফলে কোনো ব্যাংককর্মী চাকরি হারাবেন না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, “চলমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই একীভূতকরণ একটি সময়োপযোগী পদক্ষেপ। এই উদ্যোগের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”

তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হবে। এ সময় তিনি ব্যাংককর্মীদের উদ্দেশে বলেন, “চাকরি হারানোর কোনো আশঙ্কা নেই। হয়তো কিছু শাখার কাঠামো পরিবর্তন হবে, বিশেষ করে যেসব এলাকায় একাধিক ব্যাংকের শাখা রয়েছে। শহরাঞ্চলের অতিরিক্ত শাখাগুলো গ্রামীণ এলাকায় সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।”

পাঁচটি একীভূতব্য ব্যাংকের মধ্যে রয়েছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে পাঁচটিই এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অপর একটি ব্যাংক নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন।

এছাড়া, পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, “এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং আইনি জটিলতায় ভরা। চূড়ান্ত আদালতের রায় ছাড়া অর্থ উদ্ধার সম্ভব নয়। আমাদের তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্টভাবে আইনি পদক্ষেপ নিতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দুর্বল আর্থিক কাঠামো ও ঋণ জালিয়াতির কারণে ছয়টি ব্যাংককে সরকারের অস্থায়ী মালিকানায় এনে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা হবে। ব্যাংকগুলো পুনর্গঠনের পর আন্তর্জাতিক বা পাবলিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে এসব ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও আগামী চার বছরের মধ্যে ১২.৫ থেকে ১৫ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।