অর্থনীতি

ভোজ্যতেল আমদানিতে নতুন কর আরোপ, খরচ বাড়াল এনবিআর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম

ভোজ্যতেল আমদানিতে নতুন কর আরোপ, খরচ বাড়াল এনবিআর
ছবি: সংগৃহীত

দেশের ভোজ্যতেল আমদানিতে নতুন কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে ১ শতাংশ হারে উৎস কর দিতে হবে। এতদিন এ খাতে কোনো উৎস কর আরোপিত ছিল না।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, ভ্যাট-নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে এ কর কার্যকর হবে।

এর আগে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ আগাম কর ছিল। ব্যবসায়ীদের দাবির মুখে তা প্রত্যাহার করা হয়েছিল। এবার নতুন করে উৎস কর আরোপের ফলে ভোজ্যতেল আমদানির খরচ কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগস্টে দেশের বাজারে পাম তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এর আগে দাম ছিল ১৬৯ টাকা। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে যাচ্ছে—এক লিটার বোতলের দাম এখনো ১৮৯ টাকা।

গত ১৫ এপ্রিল সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়। এর আগে গত ৯ ডিসেম্বর দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা। পরের দিনই আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনবিআর, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল।

সর্বশেষ সিদ্ধান্তে দেখা যাচ্ছে, কর কাঠামোতে পরিবর্তন আনলেও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে। তবে ব্যবসায়ীদের মতে, নতুন উৎস কর আরোপের কারণে ভোজ্যতেল আমদানির খরচ বেড়ে গেলে তা খুচরা বাজারেও প্রভাব ফেলতে পারে।