অর্থনীতি

 দেশে একদিনের ব্যবধানে কমলো সোনার দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম

 দেশে একদিনের ব্যবধানে কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব পড়ে স্থানীয় বাজারেও, ফলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-প্রতি ভরি সর্বোচ্চ ১,৩৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

নতুন এই মূল্য তালিকা আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪,১০০ মার্কিন ডলারের নিচে নামায় স্থানীয় বাজারে ‘তেজাবি সোনা’র মূল্য কমেছে। এর প্রভাবেই সব ক্যারেটের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। মূল্য সমন্বয়ের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায় বিক্রি হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৮,১৬৭ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৮,৬৯৬ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭০,৩১৮ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪১,৬৪৮ টাকা

তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার মূল্য। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার কারণে সোনার বাজারে আবারও পরিবর্তন দেখা গেলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বাজুস।