অর্থনীতি
যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এই বিষয়ে ওয়ান টু ওয়ান আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (USTR) সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক আগামীকাল ভোরে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন বলেন, “আমাদের বাণিজ্য উপদেষ্টা তিন দিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন। আজই কমার্স টিম রওনা দিয়েছে। ৮ তারিখে মিটিং। তাদের সময় অনুযায়ী সেটা আগামীকাল ভোরে হবে। তারপর বোঝা যাবে কী সিদ্ধান্ত আসে। এখন পর্যন্ত যা বলা হচ্ছে, সেটা অফিসিয়াল কিছু না।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি ভালো কিছু হবে। ইতোমধ্যে একটি বৈঠকও হয়েছে, যেটা মোটামুটি ইতিবাচক ছিল। প্রেসিডেন্টের ঘোষণার পরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সুযোগ রয়েছে।”
ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের কম সুবিধা পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, “ভিয়েতনামের ট্রেড ডেফিসিট ১২৫ বিলিয়ন ডলার, আর আমাদের মাত্র ৫ বিলিয়ন। ওরা কিছু কনসেশন পেতে পারে, আমরা যুক্তি দিয়েই আলোচনায় এগোচ্ছি।”
চিঠিতে দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করা সম্ভব কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “এখনই কিছু বলা সম্ভব না।”
রাজস্ব আয় সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, “এই বছর রাজস্ব সংগ্রহ মোটামুটি হয়েছে। বড় গ্যাপ নেই। সিস্টেম চেঞ্জ করতে পারলে ভবিষ্যতে আয় আরও বাড়বে।”
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে।