অর্থনীতি

বিলাসবহুল গাড়ি গোপন, কর জালে ধরা ১৩০০ মালিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

বিলাসবহুল গাড়ি গোপন, কর জালে ধরা ১৩০০ মালিক
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তে দেখা গেছে, এক হাজার ৩০০-এর বেশি বিলাসবহুল গাড়ির মালিক কর ফাইলে তাদের গাড়ির তথ্য গোপন করেছেন। শুধু তাই নয়, এদের মধ্যে ৪০৯ জন কোনো ধরনের কর রিটার্নই জমা দেননি।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানিয়েছে, গাড়িগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে বৈধভাবে নিবন্ধিত হলেও কর ফাইলে তা উল্লেখ করা হয়নি। প্রতিটি গাড়ির মূল্য শুল্ক ও করসহ প্রায় ১ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে। তালিকায় রয়েছে টয়োটা, বিএমডাব্লিউ, মার্সিডিজ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোরশে, জাগুয়ার, বেন্টলি, রোলস-রয়েস, ক্যাডিলাক, মেসারাতি, টেসলা, ফেরারি এবং ল্যাম্বোরগিনি’র মতো বিলাসবহুল ব্র্যান্ড।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এসব গাড়ির মালিকদের মধ্যে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেন, “যেসব মালিক কর ফাইলে গাড়ির তথ্য দেননি, তারা কার্যত গাড়ি কেনার সমপরিমাণ আয়ও গোপন করেছেন। এর মানে এই আয়ের উৎস অবৈধ হতে পারে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর অফিসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সিআইসির প্রাথমিক অনুমান অনুযায়ী, এ ধরনের গোপন তথ্য উদঘাটনের মাধ্যমে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব।

তদন্তে আরও দেখা গেছে, দেশজুড়ে এখন পর্যন্ত ৫ হাজার ৪৮৯টি বিলাসবহুল গাড়ির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ৭১৯টি গাড়ির তথ্য কর ফাইলে উল্লেখ করা হলেও ১৪৮টির ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে, যা নিয়ে পুনরায় তদন্ত শুরু হয়েছে।

গত পাঁচ করবর্ষে (ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) বিআরটিএ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ তদন্ত পরিচালনা করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।