অর্থনীতি

২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম

২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। ২০২৬ সালের শুরু থেকেই নতুন পে-স্কেলের আওতায় বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর করা হবে। এজন্য নতুন রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না।”

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে অর্থ বরাদ্দ রাখা হবে, যাতে আগামী বছরের মার্চ বা এপ্রিল থেকে নতুন কাঠামো কার্যকর করা যায়। ডিসেম্বর থেকেই বাজেট সংশোধনের কাজ শুরু হবে, এবং সেখানে সংশ্লিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

সরকার ইতোমধ্যে নতুন পে-স্কেল নির্ধারণে গত ২৪ জুলাই পে-কমিশন গঠন করেছে। এর চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই কমিশনের সুপারিশ সরকারে কাছে জমা দেওয়া হবে।

কমিশনের একজন সদস্য জানান, এখনো সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে কী হারে বেতন বাড়বে তা চূড়ান্ত হয়নি। তবে, বর্তমান ১০:১ অনুপাত নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখা হবে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কমিশন সূত্রে আরও জানা গেছে, চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে একজন কর্মচারী মাসে মাত্র ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরের পর সময়ের জন্য বাড়তি সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হচ্ছে। একইভাবে সন্তানদের জন্য শিক্ষা ভাতা বৃদ্ধির সুপারিশও থাকবে।

২০২৫-২৬ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাবদ ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের ৮২ হাজার ৯৭৭ কোটি টাকার চেয়ে বেশি।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভাতা সংস্কার প্রক্রিয়া শুরু হয়। চলতি অর্থবছরের বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ ভাতা ঘোষণা করা হয়েছিল।